গুগল সেবা ব্যবহারকারীর তথ্য জানতে ডলার গুনতে হবে প্রতিটি দেশের সরকারকে। ইতিমধ্যেই চলতি মাস থেকে যুক্তরাষ্ট্রে তথ্য দেয়ার ক্ষেত্রে বিনিময় ফি গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে সার্চ ইঞ্জিন জায়ান্ট। এবার গুগলের পথ অনুসরণ করে অন্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোও অচিরেই এমন ফি ধার্য করবে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা।
সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে সরকারগুলোর পক্ষ থেকে তথ্য চাওয়ার হার বেড়ে যাওয়ায় নতুন করে ফি বসানো শুরু হয়েছে বলে খবর দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।

গুগলের মুখপাত্রের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়েছে, সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের সমন ও পরোয়ানায় চাওয়া তথ্য জোগাড়ে যে ব্যয় হয়, তা কিছুটা পুষিয়ে নিতেই এ ফি ধার্য করা হয়েছে। এরই মধ্যে বিভিন্ন ক্যাটাগরির তথ্যের জন্য নির্ধারিত ফি উল্লেখ করে একটি নোটিশ পাঠানো হয়েছে সংশ্লিষ্ট বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী দপ্তরে।
গুগল নির্ধারিত ফি শুরু হয়েছে ৪৫ ডলার থেকে। সাধারণ সমনের তথ্যের জন্য এই ফি পরিশোধ করতে হবে। এ ছাড়া ওয়্যার ট্যাপের জন্য পরিশোধ করতে হবে ৬০ ডলার। আর একটি পূর্ণাঙ্গ সার্চ ওয়ারেন্টের জন্য গুনতে হবে ২৪৫ ডলার।